চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১-'১২ অর্থবছরের জন্য কর ও অনুদান নির্ভর ৯১৫ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।
মঙ্গলবার দুপুরে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে চট্টগ্রাম সিটি মেয়র মনজুর আলম বাজেট ঘোষণা করেন। এসময় সিসিসি'র কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে ২০১০-'১১ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। বাজেটের খাতওয়ারি বিবরণ উপস্থাপন করেন সিসিসি'র অর্থ ও সংস্থাপন স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম।
মোট ৯১৫ কোটি ১৫ লাখ ৬১ হাজার টাকার প্রস্তাবিত বাজেটে বকেয়া কর খাতে সর্বোচ্চ ৩৫২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা আয় ধরা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আয় ধরা হয়েছে উন্নয়ন অনুদান খাতে ২৪৭ কোটি ৬৯ লাখ টাকা। এছাড়া হাল কর খাতে আয় ধরা হয় ১৩৫ কোটি ৮ লাখ ২১ হাজার টাকা।
বাজেটের বিষয়ে জানতে চাইলে মেয়র মনজুর আলম সাংবাদিকদের বলেন, "সিসিসি'র কয়েকটি প্রকল্প সরকারি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে বরাদ্দও পাওয়া যাবে।"
বকেয়া করের সিংহভাগই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা। এসব বকেয়া কর আদায়ে সরকারের মধ্যস্থতায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেয়র।
এবারের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় বেতন, ভাতা ও পারিশ্রমিক খাতে ১২৬ কোটি ৫৯ লাখ টাকা।
জলাবদ্ধতা নিরসনে বিশেষ বরাদ্দ
বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মেয়র মনজুর আলম জানান, বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের বাইরে অতিরিক্ত ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০১০- '১১ অর্থবছরে এ বরাদ্দ ছিল ১০ কোটি টাকা।
পাশাপাশি চাক্তাই খালসহ নগরীর পাঁচটি প্রধান খালে স্লুইস গেট নির্মাণ করা হবে বলে জানান মেয়র।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে অনেক কাজ করেছি আরও অনেক কাজ বাকি আছে।
কর্ণফুলী নদীর নাব্যতা কমে যাওয়াকে জলাবদ্ধতার প্রধান কারণ মন্তব্য করে মেয়র বলেন, বন্দর কর্র্তৃপক্ষ কর্ণফুলী নদীর ড্রেজিং শেষ করলে ৫০ ভাগ জলাবদ্ধতা কমে যাবে।
আয়বর্ধক প্রকল্প নেই
এবারের প্রস্তাবিত বাজেটে নতুন কোনো আয়বর্ধক প্রকল্প নেই বলে জানান মেয়র মনজুর আলম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিগত দিনে নেওয়া বিভিন্ন আয়বর্ধক প্রকল্পে সরকারের অনুমোদন না থাকায় সেগুলো চালু করা যাচ্ছে না। তাই আয়ও হচ্ছে না। ওই প্রকল্পগুলোর অনুমোদন প্রাপ্তিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।"
সিসিসি'র আবাসন প্রকল্প 'লেকসিটি'র উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রায় ৫০০ লোকের কাছ থেকে প্লট বাবদ টাকা নিলেও প্রকল্পের অনুমোদন না থাকায় জমি হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।
গত তিন মেয়াদের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সিসিসি'র আয় বাড়াতে বিভিন্ন আয়বর্ধক প্রকল্প গ্রহণ করেছিলেন।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, সিসিসি'র আয়ের প্রধান উৎস পৌর কর হলেও সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া কর প্রায় সাড়ে তিনশ কোটি টাকা। যা উন্নয়ন কাজে বিশাল অন্তরায়।
সিসিসি'কে স্বাবলম্বী করতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর পাশাপাশি কর পুনঃমূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, "হোল্ডিং ট্যাক্সের হার না বাড়িয়ে শুধু পরিধি বাড়িয়ে আয় বাড়ানো হবে।"
তিনি বলেন, এ বছর পরিচালিত কর পুনঃমূল্যায়ন কার্যক্রমে হোল্ডিং এর পরিমাণ এক লাখ ২৮ হাজার ৫৭৯ টি থেকে বেড়ে এক লাখ ৪৬ হাজার ৩২০ টিতে দাঁড়িয়েছে। আয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজেট অধিবেশনে ২০১০-'১১ অর্থবছরের ৩২৫ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। ওই বছরের প্রস্তাবিত বাজেট ছিল ৭৪১ কোটি ৫১ লাখ ৫৩ হাজার টাকা।
গত অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে ৩৫৯ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়। সংশোধিত বাজেট অনুসারে এ খাতে ব্যয় হয়েছে ১১২ কোটি ৩৭ লাখ টাকা।
এবারের বাজেটে উন্নয়ন খাতে ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকার বরাদ্দ বাস্তবায়নযোগ্য কি-না জানতে চাইলে মেয়র বলেন, "বাজেটে তো পরিকল্পনা থাকতে হবে। প্রস্তাবিত প্রকল্পে সরকারি বরাদ্দ পাওয়া গেলে বাস্তবায়ন সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/এইচএ/১৬৪৯ ঘ.
bdnews24