সাতক্ষীরা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় দেবহাটা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দেবহাটা থানার ওসি মশিউর রহমান জানান ।
নিহত ট্রাক চালক লাভলু সরদার (৩৫) কলারোয়া উপজেলার দিগং গ্রামের তছির সরদারের ছেলে।
মশিউর জানান, মাছ বোঝাই ট্রাকটি নিয়ে সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয় লাভলু। উত্তর পারুলিয়ায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় লাভলুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩২৫ ঘ.
bdnews24