বগুড়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় দুটি স্থানে বাস উল্টে তিন জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদর থানার মাটিডালী মোড় এবং শিবগঞ্জ থানার চণ্ডিহারা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাতলা থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস চণ্ডিহারা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয় এবং আরো ২০ জন আহত হয়।
হতাহতদের পরিচয় জানা যায়নি বলে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানিয়েছেন।
একই সময় বগুড়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস মাটিডালী মোড় এলাকায় উল্টে গেলে বাসের নিচে চাপা পড়ে লিটু মিয়া (২৮) নামে এক জন নিহত হন বলে নিহত হন বলে সদর থানার ওসি খালেকুজ্জামান জানিয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হন ১০ বাসযাত্রী।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৫০ ঘ.
bdnews24