ভোলা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর হাসপাতালে চিকিৎসক ও সেবিকারা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করে।
হাসপাতালে রোগীর স্বজনদের হাতে চিকিৎসক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে রোববার বিকালে তারা তিন দিনের জন্য প্রতিদিন দুঘণ্টা করে কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করে।
তিন দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে জেলার সকল চিকিৎসক ও সেবিকাদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শরীফ আহমেদ জানান, সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে বহির্বিভাগে কোনো রোগী দেখা হবে না। তবে এসময় তারা হাসপাতালের আন্তঃবিভাগে রোগী দেখবেন।
উল্লেখ্য, শনিবার রাতে হাসপাতালে সিদ্দিক মাতাব্বর নামে এক রোগী মারা যায়। রোগীর স্বজনরা এর জন্য চিকিৎসকদের অবহেলাকে দায়ী করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
চিকিৎসকদের অভিযোগ, এর পরেই সিদ্দিক মাতব্বরের আত্মীয়-স্বজনরা তাদের লাঞ্চিত করে।
এদিকে মৃত সিদ্দিক মাতাব্বরের স্বজনরা সোমবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
এতে মুসলিম পাড়ার বাসিন্দা সুলতান আহমেদ ও সোহেল অভিযোগ করেন, হাসপাতালের চিকিৎসকদের অবহেলার কারণেই সিদ্দিক মাতাব্বর মারা গেছেন।
তারা বলেন, কর্বত্যরত চিকিৎসকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়েছে। কিন্তু তাদের লাঞ্চিত করা হয়নি।
কর্তব্যে অবহেলার জন্য তারা চিকিৎসক ও নার্সদের বিচার দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২২৯ ঘ.
bdnews24