ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বিটিসিএলের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার দুপুরে রাজধানীর মালিবাগের আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বহুতল ভবনের এক ফ্ল্যাট থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেডের (বিটিসিএল) কর্মচারীর সোহেল রানাকে (৩০) গ্রেপ্তার করা হয়।
এ সময় ওই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৩ এর উপপরিচালক মো.তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবনের পাঁচ তলায় রানা পরিবার নিয়ে বসবাস করেন। ফ্ল্যাটেরই একটি কক্ষে সুজন ও লিটন নামে দুই বন্ধুকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
তিনি বলেন, রানার মাসিক বেতন সাড়ে পাঁচ হাজার টাকা। অথচ ওই ফ্ল্যাটের মাসিক ভাড়া ত্রিশ হাজার টাকা।
রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তরিকুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬১২ ঘ.
bdnews24