ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, কৃষি, কৃষক ও কৃষি পেশার উন্নয়ন ছাড়া ভিশন-২০২১ কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে তিনি সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানকেও এ খাতে বিনিয়োগের আহ্বান জানান।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ২য় এগ্রো বাংলাদেশ মেলা উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।
এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড সলিউশন লিমিটেড ও আই স্টেশন লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। এতে দেশি-বিদেশী ৬৩টি প্রতিষ্ঠান কৃষিজাত পণ্য ও বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করছে।
লতিফ বিশ্বাস বলেন, বিদ্যমান প্রবৃদ্ধির হার বাড়িয়ে ২০১২-১৩ অর্থ বছরে ৩৪ দশমিক ৭৮ লাখ মেট্টিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জিত হলে ওই সময়ে দুই লাখ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানী করা সম্ভব হবে।
একজন মানুষের প্রতিদিন ৫৬ গ্রাম মাছ খাদ্য হিসেবে গ্রহণ করা প্রয়োজন তথ্য দিয়ে তিনি বলেন, ২০০৯-১০ অর্থ বছরে ২৭ দশমিক ৫০ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়েছে।
মন্ত্রী বলেন, ২০১৫ সালে ৩৫ দশমিক ৪০ লাখ মেট্রিক টন মৎস্য চাহিদা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ২০২০-২১ সাল নাগাদ ৩ দশমিক ৫ লাখ মেট্রিক টন মাছ রপ্তানি সম্ভব হবে।
আগামি ২৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. নজরুল ইসলাম খান, কৃষি মন্ত্রণালয়ের বীজ শাখার মহাপরিচালক আনোয়ার ফারুক, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. নজরুল ইসলাম এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরআরডি/কেএমএস/১৮১৯ ঘ.
bdnews24