২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপি-যুবদল মারামারি

বগুড়া শহরের একটি রেস্ট হাউজে শনিবার বিকালে বিএনপি ও যুবদল নেতাকর্মীরা মারামারি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

বগুড়া, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের একটি রেস্ট হাউজে শনিবার বিকালে বিএনপি ও যুবদল নেতাকর্মীরা মারামারি করেছেন। বিকাল সাড়ে ৩টার দিকে শহরের বৃন্দাবনপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে। এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য জমিরউদ্দিন সরকার সেখানে উপস্থিত ছিলেন বলে দলের নেতাকর্মীরা জানান। এ সময় দলের বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীনকে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষের সমর্থকরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন জানান, দলের সদর উপজেলা বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এর বিপরীতে উপজেলা যুবদলও প্রতিটি ইউনিয়নে আলাদা প্রার্থী দেয়। এ ব্যাপারে যুবদল সদর উপজেলা সভাপতি অতুল চন্দ্র দাসের সঙ্গে কথা বলতে গেলে তিনি দলবল নিয়ে তাকে (শাহীন) মারধরে করেন। অতুল চন্দ্র দাস জানান, শাহীন জমিরউদ্দিন সরকারের কাছ থেকে তার নিজস্ব লোকদের নামে টিআর ও কাবিখা প্রকল্পের বরাদ্ধ নেন। এসব গম ও চাল কম দামে তাদের কাছ থেকে আবার তিনি কিনেও নেন। বিষয়টি নিয়ে সংসদ সদস্য জমিরউদ্দিন সরকারের কাছে অভিযোগও করা হয়। অতুল জানান, দুপুরের পর জমিরউদ্দিন সরকারের সঙ্গে দেখা করতে গেলে শাহীন ও তার লোকজন অতর্কিতে তাদের উপর হামলা চালান। সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ থেকে উপ-নির্বাচনে জয়ী হন। শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুই পক্ষের মারামারির পর সেখানে অবরুদ্ধ মাহবুব আলম শাহীনকে পুলিশ উদ্ধার করেছে। পরিস্থিতি এখন শান্ত আছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৩ ঘ.