কুমিল্লা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার হোমনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত সাত জন আহত হয়।
শনিবার দুপুরে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড গুলিবর্ষণ করেছে।
পরে তাতুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্সটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুরের কামাল স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
হোমনা থানার ওসি আবদুস সাত্তার ম-ল জানান, ভোটগ্রহণ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশারের সমর্থকরা ওই কেন্দ্রে হামলা চালিয়ে তিনটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়েছে।
এ সময় পুলিশ আট রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া দৈনিক নয়াদিগন্তের হোমনা প্রতিনিধি ফেরদৌস আবদুল্লাহ, হোমনা কণ্ঠের সম্পাদক সালাম ভূইয়া, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি আবদুল হক সরকারসহ আরো কয়েকজন আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল হোসেন জানান, ঘটনার পরপরই ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২২ ঘ.
bdnews24