ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচা তামাকের ওপর শুল্ক কমানোর প্রস্তাব দেওয়ায় দেশে তামাক চাষ উৎসাহিত হবে দাবি করে খাদ্য উৎপাদন কমার শঙ্কা প্রকাশ করেছে তামাকবিরোধী জোট।
শনিবার এক সংবাদ সম্মেলনে তারা আরো বলেছে, প্রস্তাবিত বাজেটে বিড়ি ও সিগারেটের মতো ক্ষতিকর পণ্যকে ছাড় দেওয়া হয়েছে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৯ জুন সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
কাঁচা তামাক রপ্তানির ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবের সমালোচনা করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম বলেন, এতে দেশে তামাকচাষ বৃদ্ধি পাবে, যা খাদ্য সঙ্কট বৃদ্ধি করবে।
তামাক যে সব জমিতে উৎপাদন হয়, সে সব জমিতে সাধারণত বিভিন্ন ধরনের ফল উৎপন্ন হয়।
তামাকজাত দ্রব্যের ওপর আরোপিত কর যথেষ্ট নয় বলেও মনে করছে তামাকবিরোধী জোট।
"প্রস্তাবিত বাজেটে সিগারেটের ওপর শুল্ক (২-৩ শতাংশ) বৃদ্ধি খুবই অপর্যাপ্ত এবং দামের ওপর এর প্রভাব খুবই সামান্য পড়বে। সিগারেটের মূল্য স্তর বৃদ্ধির ফলে বাড়তি আয়ের সিংহভাগই পাবে সিগারেট কোম্পানিগুলো", বলেন মাহবুব।
বিড়ির ওপর শুল্ক না বাড়ানোর সমালোচনাও করেছে তামাকবিরোধী জোট। প্যাকেট ছোট করার মাধ্যমে বিড়িকে গরিব মানুষের কাছে আরো সুলভ করা হচ্ছে বলেও অভিযোগ করে তারা।
সংবাদ সম্মেলনে বিড়ি কারখানায় কর্মরত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাজেটে অর্থ বরাদ্দ, সিগারেটের ওপর অন্তত ১৫-২০ শতাংশ সম্পুরক শুল্ক আরোপ, বিড়ি ২৫ শলাকার নিচের প্যাকেটে তৈরির বিধান বাতিল, বিড়ির ওপর প্রতিটি প্যাকেটে ২ টাকা হারে নির্দিষ্ট শুল্ক আরোপ, জর্দা ও গুলের ওপর আরোপিত সম্পূরক শুল্ক আদায়ের ব্যবস্থা জোরদার, তামাকজনিত রোগের চিকিৎসা খরচ যোগাতে সব তামাকজাত দ্রব্যের ওপর আলাদা ২ শতাংশ স্বাস্থ্য কর আরোপের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, মানবিক'র সভাপতি রফিকুল ইসলাম মিলন প্রমুখ।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৬৪০ ঘ.
bdnews24