২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় হাসপাতালে 'অবহেলায়' প্রসূতি মৃত্যু

পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে তার স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 06:06 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

পঞ্চগড়, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে তার স্বজনরা। শুক্রবার হাসপাতালের জরুরি বিভাগে মারা যান সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মোজাহার হোসেনের স্ত্রী হাসিনা বেগম (১৮)। এরপর নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও ও বিক্ষোভ করেছে। হাসিনার দেবর আব্দুল আজিজ অভিযোগ করেন, শুক্রবার ভোরে হাসিনাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। সেখানে দায়িত্বরত হাসপাতালের অন্য লোকজন তাকে ভর্তি করেন। সকাল ১১টা পর্যন্ত কোনো চিকিৎসক সেখানে আনেনি। এরপর দায়িত্বে থাকা আবাসিক চিকিৎসক ডা. বাহরাম আলী আসেন। এর কিছুক্ষণ পরই হাসিনা মারা যান। সদর থানার ওসি এসএম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে হাসিনার স্বজন ও এলাকরা লোকজন লাঠিসোটা নিয়ে হাসপাতালে ভাংচুরের চেষ্টা চালায়। ওই সময় পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। "আমরা প্রসূতির স্বজনদের অভিযোগ জানাতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে," বলেন তিনি। হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, ঘটনার সময় ডা. ফ ম আরিফুর রহমানের জরুরি বিভাগে দায়িত্ব ছিল। কিন্তু তিনি ওই সময় সেখানে না থেকে তার সরকারি বাসভবনে ছিলেন। ওই সময় এক মেডিক্যাল সহকারী হাসিনাকে চিকিৎসা দেন। সরকারি বাসভবনে থাকার কথা স্বীকার করে ডা. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর কোনো রোগী থাকলে তাকে খবর দেওয়া হয়। কিন্তু হাসিনার বিষয়ে তাকে কিছু বলা হয়নি। মেডিকেল সহকারী দিয়ে রোগীকে চিকিৎসা দেওয়ার বিষয়ে তিনি বলেন, "সহকারী তো চিকিৎসকেরই মতো। তাকে সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।" এ ব্যাপারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একেএম বদরুজ্জামান বলেন, "দায়িত্ব পালন না করে ডা. আরিফুর রহমানের বাসভবনে থাকার বিষয়টি আমি জানি না। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০০০০ ঘ.