বরিশাল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হয়েছেন- বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ির বাবুল (৩৫), বাকেরগঞ্জের উত্তর কাজলাকাঠী গ্রামের লিটন কারিকর (৩৫) এবং ভোলা সদরের রামদাসপুর গ্রামের রতন হাওলাদার (৪০)।
আদালতে হাজির করার আগে বিমানবন্দর থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পুলিশ।
সম্মেলনে বিমানবন্দর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে হাতেম আলী কলেজ চৌমাথার কাজী বাড়ি পানির ট্যাংকি এলাকা থেকে বাবুল ও রতনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিকালে ভাটিখানা পূজা মন্দির এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা বলেন, "গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তাদের দলে সাতজন সদস্য রয়েছে।"
তারা নগরী ও আশপাশের এলাকায় তিনটি বাড়িতে তারা ডাকাতির কথা স্বীকার করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24