২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির জন্য বাংলাদেশের চেষ্টার প্রশংসা দালাই লামার

বিশ্বে শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএ মোমেনের কাছে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, "শান্তি অর্জন খুবই কঠিন।" শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশ নেন মোমেন। বিভিন্ন দেশে যুদ্ধ পরবর্তী সময়ে শান্তি রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। মোমেন জাতিসংঘ শান্তিরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২৫৯ ঘ.