ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের গুলিতে পঙ্গু কলেজ ছাত্র লিমনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে হামলা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সংক্ষুব্ধ নাগরিক সমাজ নামে একটি সংগঠনের প্রতিবাদ কর্মসূচিতে এই হামলার ঘটনা ঘটে।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহ-সভাপতি সুলতানা আক্তার রুবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকাল ৪টায় আমরা মানবন্ধন করি। সাড়ে ৪টার দিকে পথনাটক চলাকালে অজ্ঞাত পরিচয় দুই যুবক হামলা চালায়।"
এ সময় তারা মাইকের স্ট্যান্ড, বাদ্যযন্ত্রসহ নাটকে ব্যবহৃত সরঞ্জাম লাথি দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি।
লিমনের বিরুদ্ধে র্যাবের মামলার প্রতিবাদে সংক্ষুব্ধ নাগরিক সমাজ গত কয়েক সপ্তাহ ধরেই প্রতি শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করে আসছে।
হামলার ঘটনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করে রুবি বলেন, "র্যাব-পুলিশের ইন্ধনেই এ হামলা হয়েছে। তারা চায় না লিমনের পক্ষে কোনো কর্মসূচি পালিত হোক।"
এই হামলার প্রতিবাদে পরে শাহাবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে সংক্ষুব্ধ নাগরিক সমাজের সদস্যরা।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামলায় জড়িত সন্দেহে আল আমিন (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।"
অবশ্য ওই যুবক পুলিশের কাছে দাবি করেছেন, তিনি হামলায় জাড়িত নন।
সংক্ষুব্ধ নাগরিক সমাজ আাগামী শুক্রবারও কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহ-সভাপতি সুলতানা আক্তার রুবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/জেকে/১৯০৬ ঘ.
bdnews24