চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন 'বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ' নেতারা।
১২ দফা দাবিতে রোববার থেকে চট্টগ্রাম মহানগরী ও জেলা, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারের সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো।
ধর্মঘট স্থগিতের বিষয়ে সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসন আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে। তাই আগামী এক মাসের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, এর আগে প্রশাসন বহুবার এ ধরণের আশ্বাস দিলেও শ্রমিকরা তার কোনো ফল পায়নি। ফলে এবার আশ্বাসের বাস্তবায়ন দেখা গেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে। না হলে ১ আগস্ট আবার কর্মসূচি ঘোষণা করা হবে।
গাড়ির টায়ার-টিউবসহ সকল প্রকার যন্ত্রাংশের দাম কমানো, চট্টগ্রামে ২০ বছরের পুরনো গাড়ি চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার, মহাসড়ক পুলিশের হয়রানি বন্ধ, সড়কে ডাকাতি বন্ধের পদক্ষেপ, বিআরটিএ'র দুর্নীতি বন্ধ, সকল প্রকার পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণ, দুর্ঘটনার পর পুলিশী নির্যাতন ও হয়রানি বন্ধসহ ১২ দফা দাবি রয়েছে পরিষদের।
বৃহস্পতিবার পরিষদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আলেফ উদ্দিন।
বৈঠকে চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদসহ চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বায়ক জহুর আহাম্মদ, মোহাম্মদ মুছা ও সদস্য সচিব অলি আহমদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/সিএস/কেএমএস/১৩৩৩ ঘ.
bdnews24