ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল টাকা তৈরির চক্রের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতির প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদের করা এক আবেদনে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম এই নির্দেশ দেন।
আগামী এক সপ্তাহের মধ্যে মামলার তদন্তকারী কর্মকতাকে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে আদালতের এই নির্দেশনা ওই কর্মকর্তাকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি)।
জাল টাকার 'চক্রের' বিরুদ্ধে মামলা গ্রহণ না করায় সানোয়ার হোসেন নামের এক ছেঁড়া টাকার ব্যবসায়ীর জনস্বার্থে দায়ের করা রিটের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গত ২৮ ফেব্র"য়ারি ওই রিটে জাল টাকা তৈরির চক্রের বিরুদ্ধে এফআইআর গ্রহণে অস্বীকৃতি জানানোয় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে রুল দেয় হাইকোর্ট।
২০১০ সালের ২৬ মার্চ বাংলা দৈনিক সমকালে প্রকাশিত 'জাল নোট চক্রের ২০ নিয়ন্ত্রক' শীর্ষক সংবাদের ভিত্তিতে ওই মামলা দায়ের করতে গিয়েছিলেন তিনি।
রিটে হাইকোর্ট রুল দেওয়ার পর মতিঝিল থানা গত ১৪ মার্চ উল্লেখিতদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে বলে জানান মনজিল মোরসেদ।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আদালতের নির্দেশ অনুসারে গত ১৭ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটির তদন্তের ভার গ্রহণ করলেও আসামিদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমলযোগ্য অপরাধের মামলায় আসামিদের গ্রেপ্তারের বিধান রয়েছে। তা না করায় আইন অমান্য করেছে সিআইডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২১০০ ঘ.
bdnews24