সিরাজগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধার কারণে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় যেতে পারেননি সদর আসনের সংসদ সদস্য রুমানা মাহমুদ।
জেলা বিএনপির নেতৃবৃন্দের নামে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মহিলা দল, মুক্তিযোদ্ধা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতাদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য রুমানার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
রুমানা মাহমুদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিকেল ৫টার দিকে মতবিনিময় সভায় যোগ দেওয়ার জন্য তিনি দলীয় কার্যালয়ের উদ্দেশে রওয়ানা হলে পথে পুলিশ তাকে বাধা দেয়।
সংসদ সদস্য উপস্থিত না হওয়ায় সভা বাতিল করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতবিনিময় সভা হলে শহরে আইনশৃংঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা ছিল। এ কারণে বিএনপি কার্যালয়ে সভা না করার জন্য রুমানা মাহমুদকে অনুরোধ করা হয়। এরপর তিনি আর সভা করেননি।
এ ঘটনার পর থেকে বিএনপি কার্যালয় ও সংসদ সদস্য রুমানা মাহমুদের বাসভবনের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩৩৯ ঘ.
bdnews24