২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর সরকারের ১৯২ কর্মচারীকে আত্মীকরণ

মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে বর্তমান সরকারের মেয়াদে ১৯২ জনকে সাব রেজিস্ট্রার পদে আত্মীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে বর্তমান সরকারের মেয়াদে ১৯২ জনকে সাব রেজিস্ট্রার পদে আত্মীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মুজিবুল হকের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, আত্মীকরণ হওয়া ১৯২ জনের মধ্যে প্রথম দফায় ১২৫ জনের মধ্যে ১২৪ জন, দ্বিতীয় দফায় ৬৭ জনের মধ্যে ৬৬ জন যোগ দেন। দুই জন যোগ দেননি। এ সময় আত্মীকরণ হওয়া কর্মচারীদের নাম ও জন্মতারিখসহ পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরেন তিনি। সাব রেজিস্ট্রার পদে আত্মীকরণ করাদের তালিকায় দেখা গেছে, ১৯৬৮ সালের মে ও জুন মাসে জন্ম নিয়েছেন এমন চারজনের নামও এটিতে রয়েছে। তারা হলেন, নূরুল হক সবুর হোসেন খান, মো. ফারুক ও শফিকুল ইসলাম সরকার। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার ঘোষণা করা হয়। এরপর ১৭ এপ্রিল গঠন করা হয় সরকার। সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, স্থায়ী অ্যাটর্নি গঠন করবার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে এ সার্ভিস গঠনের ক্ষেত্রে সরকারের ব্যাপক অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে। ফলে এ বিষয়ে অর্থমন্ত্রণালয়সহ সর্বোচ্চ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া এ সার্ভিস সংক্রান্ত বিধি বিধান প্রণয়ন ও এর অবকাঠামো স্থাপনের বিষয়টি জড়িত রয়েছে বলে জানান মন্ত্রী। ওএসডি চলমান প্রক্রিয়া ফেনী-২ আসনের সাংসদ জয়নুল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সরকার দৈনন্দিন কাজের অংশ হিসেবে জনপ্রশাসনের কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এর সংখ্যা সুনির্দিষ্ট নয় বা এর কোনো স্থায়ী তালিকা সংরক্ষিত থাকে না। নেত্রকোণা-১ আসনের সাংসদ মোশতাক আল রুহীর প্রশ্নের জবাবে আশরাফ জানান, সরকার জনপ্রশাসনে অধিকতর গতিশীলতা আনতে ই-গভর্নেন্স চালুর সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরে তিনি। এর আগে বিকাল ৫টা ২৫ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০৪৭ ঘ.