২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আগাম বার্তা পেলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমানো সম্ভব'

আগাম সতর্কবার্তা পাওয়া গেলে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগাম সতর্কবার্তা পাওয়া গেলে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে অনুষ্ঠিত 'দুর্যোগের ঝুঁকিহ্রাসে মহাকাশভিত্তিক তথ্য ব্যবহার' শিরোনামে এক কর্মশালার উদ্বোধনে মন্ত্রী এ কথা বলেন। জাতিসংঘ স্পাইডারে (ইউনাইটেড নেশন্স প্ল্যাটফর্ম ফর স্পেস বেজড ইনফরমেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স) একটি কারিগরি পরামর্শক দলের বাংলাদেশ সফর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এ কর্মশালা আয়োজন করে। পাঁচদিনের সফরে দলটি গত ১৯ জুন বাংলাদেশে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, বাংলাদেশের ঘূর্ণিঝড় ও বন্যাপূর্ব সতর্কবার্তা আরো আধুনিক করতে জাতিসংঘের দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক তথ্যকেন্দ্র কারিগরি সহায়তা করতে পারে। "বাংলাদেশে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেক কমে এসেছে। একে আরো সহনীয় পর্যায়ে কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।" তিনি জানান, দুর্যোগ মোকাবেলা প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে ঝুঁকিহ্রাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগে দুর্যোগ-পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকেই দুর্যোগ ব্যবস্থাপনার মূল কাজ হিসেবে বিবেচনা করা হতো। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় প্রায় ৪৫ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশ দূর অনুসন্ধান ও অনুধাবন প্রতিষ্ঠানের (বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন-স্পারসো) চেয়ারম্যান মো. মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুটমণি, যুগ্ম-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, জাতিসংঘ স্পাইডারের বেইজিং অফিসের প্রধান ও সফররত টেকনিক্যাল টিমের প্রধান শিরিশ রাভান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব। অনুষ্ঠানে স্পারসোর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জাহিদুল ইসলাম একটি উপস্থাপনায় তার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড তুলে ধরেন এবং শিরিশ রাভান ইউএন-স্পাইডারের কার্যক্রম তুলে ধরেন। দিনব্যাপী কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাারা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৩৯ ঘ.