ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও খালেদা জিয়ার অন্যতম কৌঁসুলি নাসিরউদ্দিন অসীমকে বিদেশ যেতে বাধা দেওয়ায় স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট চার জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
অসীমের আবেদনে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দিয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ও ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অসীমের অভিযোগ, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছিলো।
অসীম সোমবার সাংবাদিকদের বলেন, স্ত্রী ও দুই সন্তানসহ রোববার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।
হাইকোর্ট এ বিষয়ের ব্যাখ্যা নিয়ে আগামী ১০ জুলাই আদালতে হাজির হতে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।
গত অক্টোবরে দৈনিক আমার দেশে প্রকাশিত 'দেশের ৭০ ব্যক্তিকে বিদেশে যেতে দেওয়া হবে না' শিরোনামের একটি প্রতিবেদনে নিজের নাম রয়েছে উল্লেখ করে ১০ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করেন অসীম।
এর পরিপ্রেক্ষিতে তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বিদেশ যেতে এবং ফিরে আসতে বাধা না দিতে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১২২ ঘ.
bdnews24