২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: চাঁদপুরে যুবক নিহতের ঘটনায় ৩শ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 11:07 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

চাঁদপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে দায়ের করা মামলায় দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় তিনশ জনকে আসামি করা হয়েছে। রোববার সকালে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে আবু ইউসুফ ওরফে মনা (৩০) নিহত হন। আবু ইউসুফ মনা ওই ইউনিয়নের আশ্বিনপুর বৈদ্যবাড়ি এলাকার মতিন বৈদ্যের ছেলে। পুলিশের বক্তব্য, আরো কয়েকজনের সঙ্গে মিলে মনা ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন প্রধান ও মেম্বার প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই করেন। মতলব দক্ষিণ থানার ওসি খান মো. এরফান জানান, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুর রশিদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সদস্য প্রার্থী হাবিবুর রহমান ও গুলিতে নিহত যুবক আবু ইউসুফ ওরফে মনাকে অভিযুক্ত করা হয়। এছাড়া প্রিজাইডিং অফিসার এই ঘটনায় থানায় একটি এজাহারও দায়ের করেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৬৫৯ ঘ.