ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী বাংলাদেশের প্রায় পৌণে পাঁচ কোটি মানুষ দরিদ্র। এ হিসেবে ৩১ দশমিক ৫ শতাংশ এ জনগোষ্ঠীর মধ্যে পড়ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নেত্রকোণা-১ আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার এ তথ্য দেন।
মন্ত্রী বলেন, ২০১০ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পারিবারিক আয়-ব্যয় সংক্রান্ত এক জরিপের প্রাথমিক তথ্য অনুযায়ী দেখা গেছে দেশে দরিদ্র মানুষের সংখ্যা চার কোটি ৬৭ লাখ ৮৯ হাজার সাতশ ৭২ (৩১ দশমিক ৫ শতাংশ)। এছাড়া দু কোটি ৬০ লাখ ৬৫ হাজার একশ ৭১ জন (১৭ দশমিক ৬ শতাংশ) অতিদরিদ্র।
জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ডের ২০১০ সালের অক্টোবরে প্রকাশিত হিসেব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী এ সংখ্যা ১৪ কোটি ৯৪ লাখ।
কুমিল্লা-১ আসনের সাংসদ সুবিদ আলী ভুঁইয়ার এক প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার জানান, ২০০১ সালের আদশশুমারি অনুযায়ী পার্বত্য জেলায় ৭ লাখ ৪ হাজার ৮০৪ জন উপজাতীয় ও ৫ লাখ ৪২ হাজার ৮০৫ জন অ-উপজাতীয় বাস করে।
বিকাল সাড়ে ৫টার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২১০৭ ঘ.
bdnews24