ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না বিএনপি। সেই সঙ্গে আগামী নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিরুদ্ধে দলটি।
বুধবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা এসব কথা বলেন।
হরতালে পুলিশি 'নির্যাতন' ও ভ্রাম্যমাণ আদালতে দলের কর্মীদের তাৎক্ষণিক সাজা দেওয়ার প্রতিবাদে বুধবার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সমানে মহানগর বিএনপি এ সমাবেশ আয়োজন করে।
সমাবেশে দরটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "সরকার আদালতের রায়কে প্রভাবিত করে আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে করার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, তত্ত্বাবধায়ক ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না।"
তিনি অভিযোগ করেন, "ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত উচ্চ আদালত রায়ে বলেছে, আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। অথচ সরকার তা গ্রহণ না করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দিতে চায়।"
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে।"
নিরপেক্ষ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তিনি আরো বলেন, "ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণও আমরা মানবো না।"
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, কোটি কোটি টাকা ব্যয় করে নির্বাচন কমিশন স্বচ্ছ ভোট বাক্স এনেছে। উদ্দেশ্যে ছিলো স্বচ্ছ ভোট গ্রহণ নিশ্চিত করা।
"এখন তারা বলছেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে। এদেশের মানুষ এর ব্যবহার জানেন না। সরকার কারচুপির এ পদ্ধতি চালু করতে চাচ্ছে।"
মহানগর আহ্বায়ক ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ পরিচালনা করেন মহানগর যুগ্ম আহবায়ক আবদুল আলীম নকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/২১৪০ ঘ.
bdnews24