ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, চালের দাম বাড়লেও এ সরকারের আমলে কেউ না খেয়ে থাকেনি।
বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সামনে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি আয়োজিত সচিবালয়ে কর্মরত কর্মচারীদের জন্য ওএমএস বিক্রয়কেন্দ্র উদ্বোধনে মন্ত্রী এ কথা বলেন।
বর্তমান বাজারে চালের দাম 'একটু বেশি' উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশের উত্তরাঞ্চলের মঙ্গার প্রতিধ্বনি কেউ শুনতে পায়নি।
গত ডিসেম্বর থেকে চালের দাম বেড়েছে উল্লেখ করে রাজ্জাক বলেন, বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে সরকার খোলা বাজারে চাল বিক্রি, সুলর্ভ মূল্যের কার্ড, ভিজিএফ কার্ড বিতরণ করেছে। ইতিমধ্যে ৭৭ লাখ পরিবারের মাঝে সুলর্ভ মূল্যের কার্ড বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির নেতারা তাদের জন্য সরকারের দেওয়া সুলভ মূল্যের কার্ডের মাধ্যমে ১০ কেজি চালের পরিবর্তে ২০ কেজি চাল বরাদ্দ দেওয়ার দাবি জানান খাদ্যমন্ত্রীর কাছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি সভাপতি মো. আব্দুল মজিদ, সম্পাদক মো. রুহুল আমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সচিবালয়ের ওএমএস বিক্রয়কেন্দ্র থেকে একজন কর্মচারী সর্বোচ্চ পাঁচ কেজি চাল (প্রতি কেজি ২৪ টাকা) ও তিন কেজি আটা (প্রতি কেজি ২০ টাকা) কিনতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৭৩৫ ঘ.
bdnews24