বরিশাল, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল জেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছে আইনজীবী সহকারী (মুহুরি) সমিতি।
মুহুরি সমিতির সভাপতি আনিসুর রহমান সোমবার বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন। এতে গণপূর্ত বিভাগের সচিব, প্রধান প্রকৌশলী, বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী, জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার এবং ঠিকাদারী প্রতিষ্ঠান এসএস কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারীকে বিবাদী করা হয়েছে।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে ভবন নির্মাণে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, বিবাদীদের আগামী ৭ দিনের মধ্যে তার কারণ জানাতে বলেছেন বিচারক মুহিবুল হাসান।
একই সাথে আইনজীবী সহকারী সমিতির অভিযোগ তদন্তের জন্য একজন আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।
আনিসুর রহমানের অভিযোগে বলা হয়, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে এসএস কনস্ট্রাকশন বরিশাল জেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের যে ভবন নির্মাণ করছে, তার পাইলিংয়ের কারণে পাশেই আড়াই শতাংশ জমিতে আইনজীবী সহকারী সমিতির ভবনে ফাটল ধরেছে।
আবেদনে ভবন নির্মাণে নিষেধাজ্ঞার পাশাপাশি এর প্রতিকার চেয়েছেন আনিসুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১০৪ ঘ.
bdnews24