ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের ডাকে 'জনগণ সমর্থিত' হরতালে র্যাব-পুলিশের ব্যবহার সরকারের পতন ডেকে আনবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
হরতালে সাংবাদিকদের হেনস্তা করার প্রতিবাদে সোমবার আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "বিএনপি নিয়মতান্ত্রিকভাবে হরতাল ডেকেছিলো। জনগণ সমর্থিত এই হরতাল বন্ধে সরকার র্যাব ও পুলিশকে ব্যবহার করেছে। এ কারণেই বর্তমান সরকারের পতন হবে।"
আওয়ামী লীগ অতীতে রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল উল্লেখ করে মাহবুব বলেন, "তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল।"
র্যাবকে তাদের 'ঐতিহ্যবাহী' ভূমিকা থেকে সরিয়ে এনে রাজনৈতিকভাবে ব্যবহারের মাধ্যমে বিতর্কিত করা হচ্ছে বলেও দাবি করেন এই আইনবীবী।
"আইন-শৃঙ্খলা রক্ষা করতে সৃষ্টি করা হয়েছিল র্যাবকে। এখন এই বাহিনীকে সাংবাদিক ও রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এতে র্যাব কলঙ্কিত হচ্ছে।"
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে দেশব্যাপী টানা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন রোববার রাজধানীর নয়া পল্টনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাংবাদিকদের হেনস্তা হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে খন্দকার মাববুব বলেন, "আমরা সাংবাদিকদের পাশে থাকবো।"
অন্যদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৩৯ ঘ.
bdnews24