২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ-হাফিজ কারাগারে

হরতালের সময় গ্রেপ্তার সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদ একটি মামলায় জামিন পেলেও গাড়ি পোড়ানোর অভিযোগে অন্য একটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- হরতালের সময় গ্রেপ্তার সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদ একটি মামলায় জামিন পেলেও গাড়ি পোড়ানোর অভিযোগে অন্য একটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের হেফাজতে চেয়ে পুলিশের করা আবেদনের শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করা হয়েছে। রোববার হরতালের সময় বিএনপির এ দুই সহসভাপতিকে মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) চেয়ে সোমবার তাদের ঢাকার আদালতে হাজির করে পুলিশ। দুই নেতা রোববারের হরতালে গ্রেপ্তার হলেও ৫ জুনের হরতালের আগের দিন আইনশৃঙ্খলা বাহিনীর কাজে কাজে বাধা দেওয়ার এক মামলায় তাদের ১০ দিন হেফাজতে চেয়ে আবেদন করেন গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী। তবে তার আবেদন নাকচ করে সাবেক দুই মন্ত্রীকেই এ মামলায় জামিন দেন ঢাকার ১ নম্বর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূইয়া জিন্নাহ। রোববারের মামলাটিতেও ১০ দিন হেফাজতের আবেদন করেন ওই থানারই উপপরিদর্শক জাবেদ মাহমুদ। এ মামলায় আলতাফ ও হাফিজের বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদালত এ মামলায় হেফাজতের আবেদনের শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। হেফাজতের আবেদনে বলা হয়, আসামিদের নির্দেশে তাদের কর্মীরা যাত্রীবাহী বাসে আগুন দেয়। আসামিদের প্রত্যক্ষ মদদে কর্মীরা পুলিশের ওপর হামলা করে। তাদের কাজে বাধা দেয়। বাসে আগুন লাগিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তদন্তে জানা গেছে আসামিরা এ ঘটনা ও অপকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৩৬ ঘণ্টা হরতালের শুরুর দিন রোববার সকালে মহাখালীতে হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে হরতাল ডাকে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১৬১০ ঘ.