ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দ্বিতীয় দিনে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলমসহ তিন বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
কার্যালয় ঘিরে থাকা পুলিশ সদস্যরা সোমবার সকাল ১১টার দিকে তাদের টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়।
নাজিম ছাড়া অন্য দুজন হলেন- চাঁদপুরের সংসদ সদস্য হারুনূর রশীদ ও সিলেটের নেতা আবেদ রাজা।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম ও অন্য দুজন কার্যালয়ের সামনে চেয়ারে বসা ছিলেন। পুলিশ বিনা উস্কানিতে তাদের আটক করে বলে বিএনপি নেতাদের অভিযোগ।
আগের হরতালের মতোই বিএনপির কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন। সেখানে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তবে তিন জনকে আটকের সময় ফখরুল ছিলেন কার্যালয়ের ভেতরে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে ৩৬ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে সোমবার সন্ধ্যা ৬টায়।
হরতালের প্রথম দিনে মহাখালীতে গ্রেপ্তার করা হয় সাবেক দুই মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদকে।
বিএনপি দাবি করেছে, হরতাল ডাকার পর রোববার বিকাল পর্যন্ত সারাদেশে ৭ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৩৪ ঘ.
bdnews24