২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান আব্দুল মতিন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল মতিনকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

াকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল মতিনকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের বিভিন্ন পদে আরো কয়েকজনকে চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক আদেশে বিচারপতি আব্দুল মতিনকে অন্য সংগঠন বা সংস্থার সঙ্গে সম্পর্কচ্ছেদের শর্তে দুই বছরের জন্য আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। কাজে যোগ দেওয়ার দিন থেকে কার এই নিয়োগ কার্যকর হবে। শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আজিজের চুক্তির মেয়াদ আরো এক বছরের জন্য বাড়ানো হয়েছে। ১৭ মে অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে। ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে সাংবাদিক এনামুল হক চৌধুরীর চুক্তির মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে। চুক্তির ধারাবাহিকতা রক্ষায় এ নিয়োগের মেয়াদ গত ২৩ এপ্রিল অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। বিজেএমসির সাবেক পরিচালক খন্দকার তরিকুল ইসলামকে একইপদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে অবসরউত্তর ছুটিতে রয়েছেন। এ জন্য তার ছুটির অবশিষ্ট অংশ বাতিল করা হয়েছে। ঢাকার ৩৭৬/সি মালিবাগ চৌধুরীপাড়ার সাকিল আহমেদকে এক বছরের জন্য বাংলাদেশ মেরিন একাডেমীর প্রধান প্রকৌশলী পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তাকে অন্য সব সংগঠনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে প্রেষণে নিয়োগপ্রাপ্ত সড়ক ও জনপথ ক্যাডারের কর্মকর্তা সৈয়দ মঈনুল হাসান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত অর্থনৈতিক ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানকে প্রত্যাহার করে তাদের আগের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের উপ-পরিচালক সাঈদুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭০৪ ঘ.