২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সাংবাদিকের বাড়িতে ডাকাতি

সাভারে দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন খানের বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 07:52 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

সাভার, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন খানের বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার গভীর রাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে লাইসেন্সকৃত একটি শটগান, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। ডাকাতদের হামলায় আহত হয়েছেন তুহিন ও তার স্ত্রী। সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি তুহিন জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ১৫/২০ জনের মুখোশ পরা একদল ডাকাত একতলা বাড়ির নিচ তলার কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতরা আমাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। তারা আলমারি ভেঙে নগদ এক লাখ ৫ হাজার টাকা, ৫০ হাজার টাকার প্রাইজবন্ড, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, লাইসেন্সকৃত শর্টগানসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। এ সময় ডাকাতদের বাধা দিলে তারা দা দিয়ে আমাকে আঘাত করে। আমার স্ত্রী সোনিয়াকে মারধর করে।" সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লুট হওয়া শটগানটি পাশ্ববর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। র‌্যাব, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩২ ঘ.