২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: শেরপুরে গ্রেপ্তার ১০, সংঘর্ষে আহত ২০

শেরপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনতাই এবং জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

শেরপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে ব্যালট পেপার ছিনতাই এবং জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে প্রার্থী সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সদর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন চলাকালে এসব ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। শেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন কেন্দ্রে হাঙ্গামা ও জাল ভোট দেওয়ার চেষ্টাকালে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, কেন্দ্রের বাইরে কিছু বিচিছন্ন ঘটনা ছাড়া ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টার দিকে সদস্য প্রার্থী ফরহাদ হোসেনের এজেন্ট মকবুল হোসেন বহিরাগতদের নিয়ে ভোট কেন্দ্র থেকে ৩টি ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উত্তম কুমার নন্দী জানান, পুলিশ অভিযান চালিয়ে সদস্য প্রার্থীর মার্কা সম্বলিত ২টি ব্যালট বই উদ্ধার করলেও চেয়ারম্যান প্রার্থীর মার্কা সম্বলিত একটি ব্যালট বই উদ্ধার করতে পারেনি। ফলে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয় বলে জানিয়েছেন উত্তম কুমার। একই ইউনিয়নের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা আড়াইটার দিকে এক সদস্য প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে জালভোট দিতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় কেন্দ্রের বাইরে গোলযোগ দেখা দেয়। ফলে ওই কেন্দ্রে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। ওই কেন্দ্রের মহিলা বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মো. ফজলুল হক জানান, পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে লাঠিপেটা করে প্রার্থীর সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেল ৩ টার দিকে পুনরায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ হয়। চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরের দিকে সদস্য প্রার্থী কাসেম আলী (মোরগ) ও দারগ আলীর (ফ্যান) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। কাসেম আলী ও দারগ আলী উভয়ই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করেন। তারা জানান, সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়াও চরশেরপুর নূর মুহাম্মদ গণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে সাধারণ সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এসব সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয় বলে জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৫১ ঘ.