চাঁপাইনবাবগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতে চার জন নিহত হয়েছে।
এরমধ্যে গোমস্তাপুরে স্বামী-স্ত্রীসহ তিনজন ও ভোলাহাটে এক জন নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন-গোমস্তাপুরের আক্কেলপুর গ্রামের বুলু মহাজনের ছেলে রুহুল আমীন (৩৫), তার স্ত্রী শওকত আরা (৩০), আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহিম (২৮) এবং ভোলাহাটের ময়ামারী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী মানসুরা বেগম (২৬)।
গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টি শুরু হলে রুহুলের বাড়ির একটি ঘরে রুহুল, তার স্ত্রী শওকত আরা এবং প্রতিবেশী রহিম বসে গল্প করছিলেন। এসময় বজ্রপাতে তারা ৩ জন ওই ঘরেই মারা যান।
ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এএসআই) শাহজালাল জানান, বাড়ির পাশে আম কুড়ানোর সময় বজ্রপাতে মানসুরা মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৩৮ ঘ.
bdnews24