সাতক্ষীরা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া আদায়কে কেন্দ্র করে সাতক্ষীরায় একটি যাত্রীবাহী বাসে হামলার ঘটনায় সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়ায় শনিবার দুপুরে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়নের নেতারা বাসে হামলাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নারী ও শিশুসহ হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েন। প্রচণ্ড গরমের মধ্যে অনেকে পায়ে হেঁটে ও বিকল্প ব্যবস্থায় গন্তব্যে রওনা দেয়।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মশিউর রহমান জানান, যাত্রীবাহী একটি বাস শুক্রবার বিকালে সাতক্ষীরার উদ্দেশ্যে ঘোলা থেকে ছেড়ে আসে। পথিমধ্যে ভাড়া নিয়ে যাত্রী রানার সঙ্গে কনডাক্টর পলাশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় রানা মোবাইল ফোনে তার সঙ্গীদের ঘটনা জানায়।
রাত ৮টার দিকে বাসটি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় কলেজ রোডের মুখে পৌঁছালে শাওন, ফিরোজ ও ইসমাইলসহ ৫/৬ জন ব্যক্তি বাসটি থামায়। তারা রানার নেতৃত্বে বাসে হামলা চালিয়ে কাঁচ ভাংচুর করে এবং চালক শামছুর, কনডাক্টর পলাশ ও সহকারী আবুল হোসেনকে প্রহার করে।
এ ঘটনায় রাতেই চালক শামছুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বাসে হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২১ ঘ.
bdnews24