হবিগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৪০ জন আহত হয়েছে।
শনিবার সকালে উপজেলার শাহপুর গ্রামে বিজয়ী ও পরাজিত দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, উপজেলার মক্রমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী আতাউর রহমান চৌধুরী ও পরাজিত প্রার্থী আব্দুল মান্নানের সমর্থকরা জয়-পরাজয়ের জের ধরে সকাল ১১টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠি, ফিকল, বল্লম, টেটাসহ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে। এতে অন্তত ৪০ জন আহত হয়।
খবর পেয়ে নির্বাচিত চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরাজিত প্রার্থী আব্দুল মান্নানকে (৩৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এএসপি।
বৃহস্পতিবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০৬ ঘ.
bdnews24