২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরপাকড়ের অভিযোগ বিএনপির, হুমকি আরো কঠোর কর্মসূচির

হরতালের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ তুলে আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ তুলে আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শনিবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, হরতাল কর্মসূচি ঘোষণার পর থেকে পুলিশ নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে। "পুলিশের কথা থেকে মনে হচ্ছে, হরতাল প্রতিরোধে তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। সরকার সঠিক গণতান্ত্রিক ধারা বজায় না রাখতে পারলে আমাদের পাল্টা জবাব গ্রহণের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। হরতালে বাধা দেওয়া হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে", বলেন ফখরুল। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন দিনব্যাপী হরতালের পর এবার রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। এটি বর্তমান সরকার আমলে তাদের ষষ্ঠ হরতাল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, শুক্রবার হরতালের ঘোষণা দেওয়ার পর সারাদেশে তাদের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্র সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তিও দাবি করেন ফখরুল। তিনি বলেন, "জামিন পাওয়ার পর একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারা ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এ সৎ, অবসরপ্রাপ্ত কর্মকর্তার অপরাধ, তিনি বিএনপি করছেন।" আগের হরতালের প্রচারপত্র বিলির সময় গত ৪ জুন জহুরুলকে এলিফ্যান্ট রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলা হলে তিনি জামিন পান। এরপর অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সে মামলায় ৯ জুন জামিনের পর তাকে অন্য আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১৩ জুন নির্বাচন কমিশনের সংলাপের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ বিষয়ে ইসির চিঠির জবাব তৈরি করছেন এমকে আনোয়ার ও নজরুল ইসলাম খান। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বিএনপি নেতারা ইতোমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন, ইসির সংলাপে তারা অংশ নেবেন না। একথা জানার পর প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, বিএনপি না গেলে তাদের ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, ইভিএম চালু ও জনতহবিলের বিষয়ে সুপারিশ চূড়ান্ত করবেন তারা। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারের মন্ত্রীরা সরাসরি হস্তক্ষেপ করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল