২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: গাইবান্ধায় ইউএনও কার্যালয় ঘেরাও

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এক পরাজিত প্রার্থীর সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

গাইবান্ধা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এক পরাজিত প্রার্থীর সমর্থকরা। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আকবর আলীর সমর্থকরা শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ইউএনও কার্যালয়ের চত্বরে সমাবেশ করে এবং ভোট পুনর্গণনার দাবি জানায়। সমাবেশে বক্তব্য রাখেন আকবর আলী, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদ, মোফাখখারুল ইসলাম বসুনিয়া, আখতারুজ্জামান সুজা, নাজমুল হুদা, ডা. নুর আলম আকন্দ ও ইফতেখারুল ইসলামসহ কয়েকজন। আকবর আলী বলেন, নির্বাচনে প্রশাসনের সহায়তায় ভোট কারচুপির মাধ্যমে আব্দুল মতিন (তালা মার্কা) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ইউএনওর কার্যালয় ঘেরাও হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, "কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।" বিক্ষুব্ধরা ইউএনওকে স্মারকলিপি দিয়ে ওই স্থান ছেড়ে গেছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আযমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। গত ৮ জুন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. মতিন সরকার ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর আলী পান ৬ হাজার ৪৫৭ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২২৪৬ ঘ.