২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির এক সাংসদের চার বাড়ির কাগজপত্র তলব

জয়পুরহাট-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের হলফনামায় 'মিথ্যা' তথ্য দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে এ সংক্রান্ত কাগজপত্র তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের হলফনামায় 'মিথ্যা' তথ্য দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে এ সংক্রান্ত কাগজপত্র তলব করেছে হাইকোর্ট। আগামী ১৪ জুন জয়পুরহাট সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি অফিসের উপ-নিবন্ধককে ওই এলাকায় তার (মোজাহার) চার বাড়ির দলিল ও রেকর্ড নিয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ নির্দেশ দেয়। গত বছরের ডিসেম্বর মাসে ওই এলাকার ভোটার এএইচএম কাউসারুজ্জামান রিটটি দায়ের করেন। এরপর এক আদেশে তিনি কোন ক্ষমতাবলে সংসদ সদস্য পদে বহাল আছেন, তার কারণ জানতে চায় হাইকোর্ট। শুনানিতে রিটকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, "২০০৯ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে নির্বাচনের আগে প্রার্থীকে হলফনামা দাখিল করতে হয়। মোজাহার আলী প্রধান তার হলফনামায় একটি বাড়ি রয়েছে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে তার আরো চারটি বাড়ি রয়েছে। এর মাধ্যমে তিনি প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাই হারিয়েছেন। এ জন্য তিনি এখন আর সংসদ সদস্য হিসাবে থাকতে পারেন না।" মনজিল আরো বলেন, "আমরা আদালতে মোজাহারের ওই চার বাড়ি সংক্রান্ত প্রমাণ দাখিল করার পর আদালত আজ (বৃহস্পতিবার) এ আদেশ দিলো।" সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭৫৯ ঘ.