২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে সংঘর্ষ, ২ জনের জেল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থী হেরে যাওয়ায় তার সমর্থকরা ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঠাকুরগাঁও, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থী হেরে যাওয়ায় তার সমর্থকরা ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এতে পুলিশ, নির্বাচনী কর্মকর্তাসহ প্রায় ১৫ জন আহত হয়েছে। ভোটকেন্দ্রে হামলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই জনকে কারাদণ্ড দিয়েছে। বুধবার রাত ১০টার দিকে রাতোর ইউনিয়নের ভেদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টার দিকে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। সদস্য প্রার্থী নাসিরুল ইসলাম ১২ ভোটে পরাজিত হন। কিন্তু তিনি ও তাঁর সমর্থকরা ভোট গণনা ঠিকমতো হয়নি- এই অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখান করেন এবং কেন্দ্রের ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। রাণীশংকৈল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, হামলায় কোর্ট ইন্সপেক্টর আবু সাইদ, প্রিজাইডিং কর্মকর্তা মানিক উজ জামান এবং আনসার ভিডিপি সদস্যসহ ১৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নাসিরুল ও তার দুই সমর্থককে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত নাসিরুলকে ২ বছর এবং শফিকুলকে ১ বছর কারাদণ্ড দেয়। সরকারি কাজে বাধাদানের অভিযোগে খয়রুল ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে পুলিশ রাণীশংকৈল থানায় পৃথক মামলা দায়ের করেছে। ওসি জানান, বৃহস্পতিবার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২৫ ঘ.