২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের সচেতন করতে 'সততা সঙ্ঘ' করবে দুদক

তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি, দেশপ্রেম ও সেবামূলক কাজে উদ্বুদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 'সততা সঙ্ঘ' করবে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি, দেশপ্রেম ও সেবামূলক কাজে উদ্বুদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 'সততা সঙ্ঘ' করবে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় এ সঙ্ঘ করা হবে বলে বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রশাসন) ফররুখ আহমেদ। তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে পরামর্শক কাউন্সিল ও ১১ সদস্যের কার্য নির্বাহী কমিটির সমন্বয়ে সততা সঙ্ঘ গঠিত হয়। ইতিমধ্যে দেশের চার হাজার নয়শ ৮৫ শিক্ষা প্রতিষ্ঠানে সততা সঙ্ঘ গঠিত হয়েছে। মহাপরিচালক জানান, ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে 'দুর্নীতির পরিণাম ভয়াবহ' শিরোনামের পুস্তিকা দেশের আড়াই লাখ মসজিদে খুৎবার আগে আলোচনার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ২০১১ এর জানুয়ারি থেকে মে পর্যন্ত কমিশনে মোট তিন হাজার একশ ৭৬টি অভিযোগ পাওয়া গেছে। যাচাই বাছাই শেষে কমিশন দুশ ৭৮টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। ৪৬টি অভিযোগ বিভিন্ন মন্ত্রণালয়ে কতৃপক্ষের কাছে, ছয়টি অভিযোগ জেলা প্রশাসকদের কাছে, ৯৭টি অভিযোগ তথ্য উপাত্ত সংগ্রহ এবং দু হাজার সাতশ ৪৯টি অভিযোগ সুনির্দিষ্ট না হওয়ায় নথিভুক্ত করা হয়েছে। ২০১১ এর জানুয়ারি থেকে মে পর্যন্ত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, সম্পদের হিসাব জমা না দেওয়া, মানি লন্ডারিংসহ অন্যান্য অভিযোগে একশ ৭৯ জনের বিরুদ্ধে একশ আটটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এর মধ্যে একশ ৩৬ জন সরকারি বা বেসরকারি চাকরিজীবী, ছয়জন রাজনীতিবিদ ও আটজন ব্যবসায়ী রয়েছেন। এছাড়া এ সময়ের মধ্যে কমিশন দুশ ৫১টি মামলা অভিযোগপত্রের অনুমোদন, একশ ২৬টি মামলার চূড়াান্ত প্রতিবেদন অনুমোদন করেছে। এছাড়াও ৭১ জন ব্যক্তির সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে- এর মধ্যে ৪৪ জন চাকরিজীবী, দুজন রাজনীতিবিদ ও অন্যান্য পেশার ২৫ জন। কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি দমনের জন্য কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশে ২০১১ এর জানুয়ারি থেকে মে পর্যন্ত কমিশনে কর্মরত একজনকে চাকরি থেকে বরখাস্ত, একজনকে অপসারণ, একজনকে সাময়িক বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর এবং দুইজনকে অন্যান্য গুরুদণ্ড দিয়েছে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কমিশন প্রতি বছর ২৬ মার্চ থেকে ১ এপ্রিল 'দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ' হিসাবে পালন করবে বলে জানান মহাপরিচালক ফররুখ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/১৭১৭ ঘ.