ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহামেডান স্পোর্টিং লিমিটেডের (ক্লাব) সাধারণ সভা ও নির্বাচনের বিষয়ে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
এর ফলে এ ক্লাবের নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকলো না বলে আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন।
স্পোর্টিং লিমিটেডের এক আবেদনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
হাইকোর্ট গত ৩১ মে এই প্রতিষ্ঠানটির সাধারণ সভা ও নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিলো। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুসারে ৫ জুন সাধারণ সভা ও নির্বাচন হওয়ার কথা ছিলো।
৬২ জন অবৈধ সদস্য থাকার অভিযোগে ওই সাধারণ সভা ও নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে মোহামেডানের পরিচালক লুৎফর রহমান বাদল হাইকোর্টে আবেদন করেন। এর প্রেক্ষিতে নির্বাচন ও সাধারণ সভার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়।
ওই আদেশের বিরুদ্ধে মোহামেডানের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ সুপ্রিম কোর্টে আপিলের আবেদন করেন। আবেদনটি নিষ্পত্তি করে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।
আদালতে কুতুব উদ্দিনের পক্ষে শুনানি করেন ড. এম জহির এবং বাদলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক।
পরে ড. এম জহির বলেন, এ আদেশের পর নির্বাচন অন্ষ্ঠুানে আর কোনো বাধা রইলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৬২৮ ঘ.
bdnews24