ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে দম্পতি হত্যামামলায় জামিন পাওয়া দুই আসামির একজনের আত্মীয়কে জামিন জালিয়াতির দায়ে হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
ওই হত্যামামলার প্রধান দুই আসামিকে জালিয়াতির মাধ্যমে জামিন করানোর ঘটনায় মহিউদ্দিন আজাদ রাব্বীকে চার দিন হেফাজতে জিজ্ঞাসাবাদে (রিমান্ড) বৃহস্পতিবার অনুমতি দিয়েছেন মহানগর হাকিম আসাদুজ্জামান নূর।
রাব্বীকে বৃহস্পতিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চান ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।
রাব্বী গুলশানে সাদিকুর-রোমানা দম্পতি হত্যামামলার খালাসপ্রাপ্ত আসামি ।
হেফাজতের আবেদনে বলা হয়, বুধবার রাতে তাকে গোয়েন্দা পুলিশ রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে।
মেয়ে নিলুফার ইয়াসমিন ইতিকে বিয়ে না দেওয়ায় গত ২৩ জানুয়ারি গুলশানে সাদিকুর-রোমানা দম্পতিকে তাদের বাসভবনে হত্যা করেন মো. রুবেল ও মিথুন চন্দ। ওই হত্যামামলার প্রধান আসামি তারা দুজন। হাইকোর্টে জাল কাগজ দাখিল করে তাদের জামিন করান রুবেলের বোন জামাই রাব্বী।
হাইকোর্ট থেকে জামিন পেয়েই রুবেল ও মিথুন পালিয়ে যায়।
পরে ঘটনাটি ধরা পড়লে গত ৯ ফেব্রুয়ারি তাদের জামিন বাতিল করা হয়।
জামিন জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে গত ১৫ মে নিহতদের আরেক মেয়ে সুমাইয়া ইয়াসমিন বিথী পলাতক আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন।
এর আগে সাদিকুর রোমানা হত্যা মামলায় রাব্বী ও আলতুও জামিন পেয়ে যায়।
রাব্বীকে ওই জামিন জালিয়াতির অভিযোগে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া জরুরি।
রাব্বীর পক্ষে এ সময় আদালতে জামিন চান অ্যাডভোকেট এমএ শোইয়াব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১১৪ ঘ.
bdnews24