ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর রামানাবাদ নদীর অংশ বিশেষে মাটি ভরাট ও মার্কেট নির্মাণ অবৈধ বলেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এবিএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এই রায় দেয়।
আদালত একইসঙ্গে আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে ওই নদীর ওপর নির্মিত ও নির্মাণাধীন সব স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছে।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন এবং সরকার পক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
ইকবাল কবির জানান, ২০১০ সালে স্থানীয় সাংসদের নির্দেশে ওই নদীতে মাটি ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বেলা একটি রিট আবেদন করে। এর প্রেক্ষিতে আদালত গত বছরের ৪ মে রুল জারি করে।
বেলার করা আরেক রিটে একই বেঞ্চ চট্টগ্রামের বাটালী হিল এলাকায় অবস্থিত 'রেইন বো' সিএনজি স্টেশন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।
আদালতে বেলার আইনজীবী ইকবাল কবির লিটন বলেন, চট্টগ্রামের মাস্টার প্ল্যান অনুযায়ী ওই স্থানটি উন্মুক্ত এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাই সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না।
অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের আইনজীবী ড. নাঈম আহমেদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রেলওয়ের ওই জায়গাটি সিএনজি স্টেশন করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সিএনজি স্টেশনটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়।
২০০৬ সালে ওই স্থানে সিএনজি স্টেশন নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে বেলা রিট আবেদন করেছিল। পরে ওই বছরই হাইকোর্ট ওই নির্মাণ কেন অবৈধ নয় তা জানতে চেয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৬১৬ ঘ.
bdnews24