২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেওড়াপাড়ায় পোশাক শ্রমিকদের অবরোধ

পোশাক শ্রমিকদের অবরোধের কারণে মিরপুরের শ্যাওড়াপাড়ায় রোকেয়া সরণীতে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 05:20 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের অবরোধের কারণে মিরপুরের শ্যাওড়াপাড়ায় রোকেয়া সরণীতে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শ্যাওড়াপাড়া বাস স্ট্যান্ডের কাছের এসকিউ সোয়েটার কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে আসে। তখন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা সড়কে বিক্ষোভ করতে থাকে। পাশাপাশি আশপাশের কয়েকটি ভবনে শ্রমিকরা ইট ছোড়ে। আলমগীর নামে একজন শ্রমিক সাংবাদিকদের জানান, কারখানার কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। সকাল সাড়ে ১০টার দিক পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের রাস্তা থেকে হটিয়ে দেয়। মিরপুর থানার ওসি ওয়াহেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা আটকে গাড়ি চলাচল ব্যাহত করায় পুলিশ পদক্ষেপ নিয়েছে। কয়েকজন শ্রমিককে পুলিশ আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে কত জনকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি ওসি। শ্রমিকদের হটিয়ে দেওয়ার পর পৌনে ১১টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হলেও যানজট দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১০০ ঘ.