২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'শান্তিরক্ষার চেয়েও বেশি কিছু করা সম্ভব'

যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি রক্ষার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠাতেও বাংলাদেশ কাজ করতে পারে- এমন মত প্রকাশ করে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেছেন, এজন্য একটি সামগ্রিক কৌশলপত্র প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি রক্ষার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠাতেও বাংলাদেশ কাজ করতে পারে- এমন মত প্রকাশ করে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেছেন, এজন্য একটি সামগ্রিক কৌশলপত্র প্রয়োজন। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'বিশ্ব শান্তি, গণতন্ত্র ও উন্নয়নে বাংলাদেশ' শীর্ষক এক সেমিনারে তিনি এ মত প্রকাশ করেন। পররাষ্ট্র সচিব বলেন, "শন্তি রক্ষায় ২৫ বছরের অভিজ্ঞতার আলোকে ওই কৌশলপত্র প্রণয়ন করা যেতে পারে। ক্ষুদ্রঋণ, সমবায়, অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মতো বিভিন্ন খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও নেতৃত্ব দিতে পারে।" জাতিসংঘের 'পিস বিল্ডিং সাপোর্ট' উইংয়ের মহাসচিব জুডি চেং-হপকিনস বলেন, বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে কাজ করছে। "ষাটের দশকে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতো শান্তিরক্ষীরা। তবে এখন শান্তিরক্ষার বিষয়টি অনেক জটিল, বিপদজনক ও বহুমাত্রিক হয়ে দাঁড়িয়েছে। একটি রাষ্ট্রের বিবাদমান সশস্ত্র দুটি পক্ষের মাঝখানেও দাঁড়াতে হচ্ছে তাদের।" একটি দেশে সশস্ত্র সংঘাত বন্ধ করা গেলেও অবকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে সময় লাগে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বাংলাদেশ জাতিসংঘের অংশীদার হতে পারে। "এর বিনিময়ে জাতিসংঘ অর্থ দেবে। তবে এক্ষেত্রে বাংলাদেশের উচিত সবার আগে একটি কৌশলপত্র তৈরি করা।" সেমিনারে মূল প্রবন্ধে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক পদক্ষেপ ও বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান জানান। এর আগে জাতিসংঘ মিশনে কাজ করেছেন এমন বাংলাদেশিদেরও এসব ক্ষেত্রে কাজে লাগানো যায় বলে মত প্রকাশ করেন তিনি। জাতিসংঘের বর্তমান কাঠামোর সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, নিরাপত্তা পরিষদ যেভাবে পরিচালিত হচ্ছে তা বর্তমান বিশ্ব ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। "গুটিকয় দেশের হাতে ভেটো ক্ষমতা থাকবে- এটা কোনো কাজের কথা নয়।" বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রায় ১ লাখ সদস্য যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি রক্ষার দায়িত্ব পাৎলন করছেন। শান্তিরক্ষীর এই সংখ্যা জাতিসংঘের মোট শান্তিরক্ষীর ১২ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২২৩৩ ঘ.