২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই প্রিজাইডিং অফিসারসহ আহত ৪১

ইউপি নির্বাচনে পরাজিতদের হামলায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রিজাইডিং অফিসার, র‌্যাব ও পুলিশসহ অন্তত ৪১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মুন্সীগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি নির্বাচনে পরাজিতদের হামলায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রিজাইডিং অফিসার, র‌্যাব ও পুলিশসহ অন্তত ৪১ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে তন্তর ও রাঢ়িখাল ইউনিয়নে এ হামলা হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল লতিফ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তন্তর ইউনিয়ননের সুফীগঞ্জ মাদ্রাসা কেন্দ্রে ফলাফল ঘোষণার পর উপজেলা সদরে ফেরার পথে সুফীগঞ্জ এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের লোকজন হামলা চালায়। এতে প্রিজাইডিং অফিসার শ্রীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সফিক এবং আরো সাত পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। পরে র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ইউএনও আরো বলেন, রাঢ়িখাল ইউপির উত্তর বালাসুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাদের হামলায় প্রিজাইডিং অফিসার, তিন পুলিশ ও দুই আনসারসহ অন্তত ১৫ জন আহত হয়। তবে পুলিশ ব্যালট ও নিবাচনী সামগ্রী অক্ষত অবস্থায় উপজেলা সদরে নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছে। পরিস্থিতি শান্ত হলে ফেরার পথে চোরা হামলায় জয়নাল (৪৫) নামে র‌্যাবের এক নায়েকও আহত হন। জেলা প্রশাসক মো. আজিজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নয় ইউনিয়নের ৮১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে ব্যালট ও নির্বাচনী সামগ্রী নিয়ে ফেরার পথে হামলায় দুই প্রিজাইডিং অফিসারসহ বেশ ক'জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.