২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন লোড শেডিং হাজার মেগাওয়াটের ওপরে

বিদ্যুতের অতিরিক্ত চাহিদা ও গ্যাস সংকটের কারণে চলতি গ্রীষ্ম মৌসুমে প্রতিদিন এক হাজার থেকে ১২ শ' মেগাওয়াট 'লোড শেডিং' করতে হচ্ছে- বিদ্যুত প্রতিমন্ত্রী এনামুল হক জানিয়েছেন এ তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের অতিরিক্ত চাহিদা ও গ্যাস সংকটের কারণে চলতি গ্রীষ্ম মৌসুমে প্রতিদিন এক হাজার থেকে ১২ শ' মেগাওয়াট 'লোড শেডিং' করতে হচ্ছে- বিদ্যুত প্রতিমন্ত্রী এনামুল হক জানিয়েছেন এ তথ্য। তবে আগামী নভেম্বর থেকে লোড শেডিংয়ের পরিমাণ পর্যায়ক্রমে কমতে থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে নোয়াখালী-১ আসনের সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টার পর ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে ১ হাজার ৯০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। অর্থ বছরের শেষ দিকে এর সঙ্গে আরো ৬১৬ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়িত হলে নভেম্বর নাগাদ লোড শেডিং ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে এবং ২০১২ সালের শেষ দিকে বিদ্যুতের উৎপাদন চাহিদাকে ছাড়িয়ে যাবে। "আশা করা যায়, ২০১৩ সালের মধ্যে দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সংরক্ষিত নারী আসনের সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে এনামুল হক জানান, বর্তমানে দেশে পিক আওয়ারে বিদ্যুতের মোট চাহিদা ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার মেগাওয়াট। গত ২৯ মে পিক আওয়ারে বিদ্যুতের মোট উৎপাদন ছিল ৪ হাজার ৬৭৪ মেগাওয়াট। নেত্রকোনা-১ আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি ও রূপকল্প-২০২১ এর অংশ হিসেবে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ (২০১০-১৫) স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়া গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে একটি রোডম্যাপ করা হয়েছে। প্রতিবেশি দেশগুলোর সঙ্গে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলারও উদ্যোগ নিয়েছে সরকার। বৈধ গ্রাহক ২০ লাখ সংরক্ষিত নারী আসনের সাংসদ রওশন জাহান সাথীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বৈধ গ্রাহক সংখ্যা ২০ লাখ। সে তুলনায় অবৈধ বিদ্যুত সংযোগ খুবই সামান্য। নিয়মিত বিচ্ছিন্ন করার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হয়। 'কাপ্তাই হ্রদ হুমকির সম্মুখীন নয়' চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, কাপ্তাই হ্রদে অতিরিক্ত কচুরিপানার কারণে কর্ণফুলি জল-বিদ্যুত কেন্দ্রের উৎপাদন হুমকির মুখে পড়েছে-এটা ঠিক নয়। 'ইনটেক চ্যানেলে' মাঝে-মধ্যে কচুরিপানা বাড়লে তা পরিষ্কার করে উৎপাদন অব্যাহত রাখা হয়। প্রসঙ্গ: ফিলিং স্টেশন সংরক্ষিত নারী আসনের সাংসদ রেহেনা আক্তার রানুর লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, শিল্প উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিলের আপাতত কোনো পরিকল্পনা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০১৬ ঘ.