ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথম প্রান্তিকে প্রায় নয় লাখ নতুন গ্রাহক পেয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি এক্সিয়াটা লিমিটেড।
মঙ্গলবার গুলশান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ২০১১ সালের প্রথম প্রান্তিকের প্রাক-নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়।
রবির প্রধান অর্থ কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, প্রথম প্রান্তিকে রবি গ্রাহক সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে। এ সময়ের মধ্যে প্রায় নয় লাখ গ্রাহক যোগ হয়েছে।
এছাড়া রবির নেটওয়ার্কের আওতা ৮৫ থেকে ৮৬ শতাংশে উন্নীত হয়েছে।
মাহতাব উদ্দিন আরো বলেন, প্রথম প্রান্তিকে রবির ৭ হাজার ৬১ মিলিয়ন টাকা আয় হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাইকেল ক্যুনার বলেন, তীব্র প্রতিযোগিতার চাপ, বৈদেশিক ঋণের ক্ষেত্রে টাকার অবমূল্যায়নের প্রভাব এবং লাইসেন্স নবায়ন শর্ত সত্ত্বেও ত্রৈমাসিক পর্যবেক্ষণে যথেষ্ঠ অগ্রগতি হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুত কুমার বসুসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৮৪২ ঘ.
bdnews24