যশোর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদরে ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টিতে বিএনপি সমর্থক প্রার্থী, ২টিতে আওয়ামী লীগ সমর্থক, ১টিতে জামায়াত সমর্থক ও ২টিতে সাধারণ প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
সোমবার এসব ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়।
জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, বেসরকারি ফলাফলে হৈবৎপুর ইউনিয়নে রবিউল ইসলাম রবি, লেবুতলায় দেলোয়ার হোসেন, নওয়াপাড়ায় আলতাফ হোসেন, উপশহরে আজগর হোসেন, কাশিমপুরে আইয়ুব হোসেন, চূড়ামনকাটিতে আব্দুস সাত্তার, দেয়াড়ায় আশরাফুজ্জামান মিঠু, আরবপুরে সিরাজুল ইসলাম, রামনগরে রেজাউল হাসান, ফতেপুরে আনজুরুল হক খোকন জয়লাভ করেন। তারা সকলেই বিএনপি সমর্থক।
ইছালী ইউনিয়নে মোশাররফ হোসেন ও কচুয়ায় লুৎফর রহমান জয়ী হয়েছেন। তারা ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। বসুন্দিয়া ইউনিয়নে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত আবু বক্কার খান। এ ছাড়া চাঁচড়ায় গোলাম মোস্তফা ও নরেন্দ্রপুরে আব্দুস সালাম বেসরকারিভাবে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। তারা দুজন কোন দলের সমর্থক নন।
দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ৩১ মে থেকে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হয়। আগামী ৫ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফা নির্বচনের আওতায় রয়েছে ৫৭টি জেলায় ৪১৪ টি উপজেলায় ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৩৮ ঘ.
bdnews24