চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চুরি হওয়ার সাত মাস পর একটি কভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় মো. আবুল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে লক্ষীপুরের সদর থানার বেপারী পাড়ার আল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে লক্ষীপুর সদর থানার মজু চৌধুরী সড়কের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুরি হওয়া কভার্ডভ্যানটিও এসময় উদ্ধার করা হয়।
গত বছরের ১৩ নভেম্বর নগরীর হালিশহর আবাসিক এলাকা থেকে কভার্ডভ্যানটি চুরি হয়।
মামলার তত্ত্বাবধায়ক সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) হাসান চৌধুরী জানান, গাড়িটি উদ্ধারের জন্য প্রথমে কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালানো হয়।
পরে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আজিজ আহমেদ লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৪৪ ঘ.
bdnews24