বগুড়া, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুর উপজেলায় বাসের চাপায় দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলার ধুনট মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
নিহতরা হলো উপজেলার খন্দকার টোলা গ্রামের তারেক (১৫) এবং ঘোলাগাড়ী কলোনি গ্রামের আমিরুল ইসলাম (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে রিকশা চালক আমিরুল তার রিকশায় চার জন যাত্রী নিয়ে ধুনট মোড়ের দিকে যাচ্ছিলেন।
এ সময় বগুড়াগামী জেবি ডিলাক্স নামের যাত্রীবাহী একটি বাস রিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে রিকশা যাত্রী তারেক ঘটনাস্থলেই মারা যায়।
আমিরুল ও অপর তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আমিরুল মারা যায়।
রিকশা যাত্রী খন্দকার টোলা গ্রামের মুরাদ (১৮), বরইতলী গ্রামের মিলন (২৮) ও তার মেয়ে মীম বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৩৮ ঘ.
bdnews24