ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশে নির্বাচন কমিশনের (ইসি) অন্য প্রস্তাবের জায়গা না হলেও কমিশনের সদস্য সংখ্যা পাঁচ জনে বেঁধে দেওয়ার প্রস্তাবটি গ্রহণ করেছে বিশেষ কমিটি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিষয়ে বিশেষ কমিটির এই সুপারিশ প্রতিবেদন ৮ জুনের মধ্যে সংসদে উপস্থাপন করার কথা রয়েছে।
বিশেষ কমিটির একাধিক সদস্য বলেছেন, ইসিকে শক্তিশালী করতে কমিশনের সদস্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পক্ষে তারা। ইসির সদস্য সংখ্যা কতো হবে এবং তাদের নিয়োগের যোগ্যতা কী হবে তা এতোদিন সংবিধানে নির্দিষ্ট করা ছিল না।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ইসির পরামর্শ নেওয়া, সংসদ নির্বাচনে একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ রহিত করা এবং আদালতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ বন্ধ করার জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ করেছিল নির্বাচন কমিশন। তবে বিশেষ কমিটি সংসদে জমা দেওয়ার জন্য যে প্রতিবেদন তৈরি করেছে তাতে এসব প্রস্তাব রাখা হয়নি।
গত ১৭ মে বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে বলেছিলেন, এসব বিষয় ঠিক করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। কমিশন চাইলে গণপ্রতিনিধিত্ব আদেশেই এ ব্যাপারে সংশোধনী আনা সম্ভব।
রোববার বিশেষ কমিটির সর্বশেষ বৈঠক শেষে কমিটির সদস্য আব্দুল মতিন খসরু জানান, চূড়ান্ত প্রতিবেদনে ইসির সদস্য সংখ্যা নির্দিষ্ট করে দিতে বলা হয়েছে।
তিনি বলেন, "একজন প্রধান নির্বাচন কমিশনার ও সর্বোচ্চ চার জন নির্বাচন কমিশনার নিয়ে ইসি গঠন করার সুপারিশ করা হয়েছে।"
নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত সংবিধানের ১১৮ অনুচ্ছেদ সংশোধনের জন্য বিশেষ কমিটির ৩৯তম সুপারিশে বলা হয়েছে, "দফা (১) এর 'প্রধান নির্বাচন কমিশনারকে লইয়া এবং রাষ্ট্রপতি সময়ে সময়ে যেরূপ নির্দেশ করিবেন, সেই রূপ সংখ্যাক অন্যান্য কমিশনারকে লইয়া' শব্দগুলি এবং কমার পরিবর্তে 'প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন্য নির্বাচন কমিশনারকে লইয়া' শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।"
নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে যোগ্য লোকদের দিয়ে কমিশন গঠনে আলাদা আইন করার পক্ষে মত দেন সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু।
অবশ্য নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা পাঁচজনের কম হলেও তাতে কোনো অসুবিধা নেই উল্লেখ করে কমিশন সংশ্লিষ্টরা বলছেন, অতীতে ৭ জন সদস্য থাকারও নজির রয়েছে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয় সদস্যের কমিশন হবে- এ বিষয়ে সংশোধনী সংসদই আনতে পারে। তবে সিইসি ও ইসি নিয়োগ পদ্ধতি নিয়ে আলাদা আইন থাকলে ভালো হয়।"
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনা এবং একজন নারী কমিশনারসহ তিন সদস্যের ইসি গঠনের বিষয়ে নিয়োগ পদ্ধতি আইনের একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে দিচ্ছে ইসি। তবে তার আগে এ বিষয়ে রাজনৈতিক দলসহ সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিদেরর মতামত নেওয়া হবে। এরপর খসড়া চূড়ান্ত করে সরকারের কাছে পাঠানো হবে।
'প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন, ২০১১' এর খসড়ায় বলা হয়েছে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার নিয়োগে সম্ভাব্যদের একটি প্যানেল তৈরি করবে অনুসন্ধান কমিটির (সার্চ কমিটি)। ওই কমিটি প্রধানমন্ত্রীর কাছে প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম প্রস্তাব করে পাঠাবে। পরে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটি (সরকার ও বিরোধী দলের সম্বয়ে) পরীক্ষা করে বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।
উপদেষ্টা কমিটির চূড়ান্ত প্যানেল থেকে যে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২২৫১ ঘ.
bdnews24